ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন

আপডেট: April 13, 2026 |
inbound717102143611810838
print news

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। সেইসঙ্গে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তিনি স্পষ্ট জানান, চাপের মুখে নতি স্বীকার করে ব্রিটেন ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াবে না।

কিয়ার স্টারমার জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এবং এটি সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখাই এখন ব্রিটেনের প্রধান লক্ষ্য। গত কয়েক দিন ধরে লন্ডন এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে।

তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, “আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমর্থন করে যাচ্ছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য অত্যন্ত জরুরি।”

এর আগে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে।

তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে ‘নতি স্বীকার করবে না’।

গত সপ্তাহে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশে সফর শেষে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর