২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট: April 13, 2026 |
inbound2243230162684725546
print news

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগের, একজন রাজশাহীর। এই সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চারজনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম শনাক্ত রোগীর সংখ্যা দুই। বাকি বিভাগগুলোতে কোনো শনাক্ত রোগী নেই।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন, যার মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (১৭)।

হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭১৩ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬টি শিশুর।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।

 

Share Now

এই বিভাগের আরও খবর