বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু

আপডেট: April 18, 2026 |
inbound8252549650219658382
print news

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় মিলন বন্ধু কুন্ডু (৮১) আর নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন এই প্রজ্ঞাবান শিক্ষক।

মৃত্যুকালে তিনি ৭ ভাই ও ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তান ছিলেন, তবে তার শিক্ষাদান ও মানবিকতা আজও বেঁচে আছে অসংখ্য মানুষের হৃদয়ে।

প্রয়াত মিলন বন্ধু কুন্ডু ছিলেন বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুন্ডুর বড় ভাই।

এছাড়াও তিনি প্রয়াত প্রাথমিক শিক্ষক রেণু পাল কুন্ডুর স্বামী এবং জাতীয় হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোপাল শীলের জেঠা শ্বশুর।

শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বানারীপাড়া বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে কুন্ডু বাড়ির পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে বানারীপাড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

জ্ঞানের আলো ছড়ানো এই শিক্ষক আজ নেই, কিন্তু তার আদর্শ ও অবদান চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর