চট্টগ্রামের চান্দগাঁওয়ে ২৩ লাখ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশ এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে একটি বড় ধরনের চুরির রহস্য উদ্ঘাটন করেছে।
অভিযানে চোরচক্রের মূলহোতা মোঃ ইউনুছ রনিকে (৩৭) গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া নগদ ২৩,৭৩,৫১০/- (তেইশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত দশ) টাকা।
গত ২৫ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড় এলাকার ক্লিউইস্টন সিএনজি স্টেশন-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা অফিসের পিছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং স্টিলের আলমারির লকার ভেঙে নগদ ২৬,২৯,৩৫২/- টাকা নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর স্টেশনের পক্ষ থেকে মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পরপরই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুনের নির্দেশনায় একটি বিশেষ টিম মাঠে নামে।
এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন এবং এএসআই মোঃ মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত টিমটি নগরীর বিভিন্ন স্থানে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে মৌলভীবাজার এলাকা থেকে চোরচক্রের মূলহোতা মোঃ ইউনুছ রনিকে গ্রেফতার করা হয়। ধৃত রনি চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দক্ষিণ মোহরা কবির টাওয়ারের পিছনে ‘ওসমানের মায়ের কলোনী’ সংলগ্ন একটি ঝোপঝাড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ২৩,৭৩,৫১০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মূলহোতাকে শনাক্ত ও সিংহভাগ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
চক্রের অন্যান্য সদস্যদের ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।












