বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে মে দিবস পালিত

মহান মে দিবস উপলক্ষ্যে “বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “মহান মে দিবস স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান”।
১ মে’২৬ইং তারিখ শুক্রবার বিকাল ০৩:৩০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের স্বাগত সম্ভাষণের পর ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে গণসঙ্গীতশিল্পী জামিউর রহমান লেমন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, প্রমূখ আলোচনায় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মানবিক জীবনযাপনের বিভিন্ন সংকট এবং সংস্কৃতিকর্মীদের গণমুখী বিভিন্ন আয়োজনে শ্রমজীবী মানুষের বঞ্চনার গল্প উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহবান জানান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় দেশের প্রতিনিধিত্বশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও দর্শকনন্দিত স্বনামখ্যাত শিল্পীবৃন্দের আবৃত্তি, মূকাভিনয়, সঙ্গীত, গণসঙ্গীত, যাদু প্রদর্শনসহ বিভিন্ন বর্ণিল ও বৈচিত্রপূর্ণ উপস্থাপনে “বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন” এর মহান মে দিবসের আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শফিকুল ইসলাম বাহার, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, দীপক সুমন, সামছুদ্দোহা পাটোয়ারী, মনিরুজ্জামান পলাশ, মেহবুবা হক রুমা, আকতার হোসেন, মাহি ফারহানা, ইশরাত শিউলী, জাহান বশীর, শহীদুল্লাহ কায়সার, শিরীন বেবী, ফাহমিদা সূচনাসহ খ্যাতিমান আবৃত্তিশিল্পীবৃন্দ।
মূকাভিনয় প্রযোজনা উপস্থাপন করেন নিথর মাহবুব এবং জাদুতে মুগ্ধতা ছড়ান জাদুশিল্পী সাদাত মামুন। পাঁচঘন্টার বেশি সময়ের এই দর্শকনন্দিত সাংস্কৃতিক আয়োজনে সন্ধ্যায় একক সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীতশিল্পী জামিউর রহমান লেমন, লাভলী শেখ, পাগল শাহীন, পল্লী মোশাররফ, আশরাফুজ্জামান শাইলু শাহসহ স্বনামধন্য শিল্পীবৃন্দ। গণসঙ্গীতে মে দিবসের জনপ্রিয় ও দর্শকশ্রোতা-নন্দিত গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।




















