ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
৯ মে (শনিবার) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পৌরশহরের পীরগঞ্জ – ঠাকুরগাঁও মহাসড়কের লাচ্ছি নদীর দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পৌরশহরের পীরগঞ্জ – ঠাকুরগাঁও মহাসড়কের লাচ্ছি নদীর দক্ষিণ পাশে অস্ত্রটি পড়ে থাকতে দেখেন পথচারীরা।
পিস্তল সদৃশ একটি বস্তু দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করি।
এটি কে বা কারা কী উদ্দেশ্যে এখানে ফেলে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জননিরাপত্তা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক বিরাজ করলেও পুলিশি তৎপরতা বৃদ্ধির পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্রের মালিককে শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


















