পীরগঞ্জে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফারিয়া’র মানববন্ধন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।
পেশাগত মর্যাদা, ওষুধের গুণগত মান রক্ষা এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের প্রিয়াঙ্কা চৌরাস্তায় প্রধান সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), পীরগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। তা হলো: ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যথাযথ সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে সকল স্তরের প্রতিনিধিদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা।
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ওষুধ শিল্পের ওপর থেকে সকল প্রকার বৈষম্য দূর করা। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “করোনা মহামারীর মতো কঠিন সময়েও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করেছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ তারা নানাভাবে অবহেলিত ও অনিরাপদ বোধ করছেন। অবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।”
এ সময় বক্তারা আরও বলেন, রিপ্রেজেন্টেটিভদের জন্য সুনির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ এবং চাকরির নিরাপত্তা প্রদান করা এখন সময়ের দাবি।
ফারিয়া পীরগঞ্জ শাখার সকল সদস্যগণ তাদের হাতে থাকা প্লাকার্ড ও ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই মানববন্ধনে অংশ নেন।
এসময় কর্মসূচি চলাকালীন বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত তাদের দাবি পূরণ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।















