ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে (সোমবার) দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের মাল্টিপারপাস হল রুমে এই সভা সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব সরদার মোস্তফা শাহিন।
সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার এবং তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা হওয়া সত্বেও যেসব মামলার সালিশ হয় সেগুলো অনানুষ্ঠানিকভাবে যেসব মামলা ইউনিয়ন পরিষদের বাইরে নিষ্পত্তি করা হয় সেগুলোতে অবশ্যই অসৎ উদ্দেশ্য থাকে এ ধরনের অসৎ কাজ বন্ধ করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা গনকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
এসময় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।
এই কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













