মেয়েদের ভবিষ্যৎ গড়ার পথ এগিয়ে নেবে রাষ্ট্র: জুবাইদা রহমান

প্রতিটি মেয়ে নিজের জন্য যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা সেই পথে প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।
কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’ আয়োজিত ‘বার্ষীক সমাবেশ ও আনন্দমেলায়’ অংশ নিয়ে তিনি কথা বলছিরেন।
প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার ওপর জোর দেন।
তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন এবং মার্কেটিং সাপোর্ট প্রদান করলে পারিবারিক স্বচ্ছ্বলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে।
পুনাক সদস্যদের সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন।
অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত আপনাদের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি।
আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্র থেকে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব।
নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাল সমিতির সহ সভানেত্রী সাবিনা আওলাদ।












