ময়মনসিংহে হাম উপসর্গে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

আপডেট: May 12, 2026 |
inbound1262254456418271243
print news

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম বা হামের উপসর্গ নিয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকালে মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা; গত ১০ মে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানান হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

মঙ্গলবার (১২ মে) সকালে তিনি বলেন, হাম আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাম আক্রান্ত মোট ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১২মে পর্যন্ত মোট ১ হাজার ২৭০ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৫ জন। একই সময়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর