সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু

সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে নওগাঁর বদলগাছী উপজেলায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার খবর শুনে ওই শিক্ষিকার এক ছাত্রীরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম উম্মে কুলসুম। তিনি উপজেলা সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা এবং বদলগাছী লাবণ্য, প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। শিক্ষিকার মৃত্যুর খবরে নিহত শিক্ষার্থীর নাম তাসনিম। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন। এ ঘটনায় মমতাজ জাহান নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে শিক্ষিকার মৃত্যুর সংবাদ শুনার পর তাসনিম অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষিকা কুলসুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, আকস্মিক ঘটনায় শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে এখনই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বদলগাছী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।















