দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সংশোধিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দুই ধরনের তীব্রতায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী— রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কালবৈশাখীর আকস্মিক দাপটে নদীপথে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে চলাচলকারী সব ছোট-বড় নৌযানকে সাবধানে ও সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।












