টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু

আপডেট: May 25, 2026 |
inbound7443459906247261094
print news

ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে।

সোমবার ছুটির প্রথম দিন, ঈদের ছুটিতে ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। তাই সকালে রাজধানীর সড়কগুলোয় জনসমাগম কম, চিরচেনা যানজট দেখা যায়নি।

আগামী ২৮ মে কোরবানির ঈদ উদযাপিত হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সোমবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকেও সাত দিনের ছুটি শুরু হয়েছে। ব্যাংক ও অফিস-আদালত খুলবে ১ জুন।

তবে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতে কর্মরতদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।

একই সঙ্গে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোও একইভাবে ২৫ ও ২৬ মে (সোম ও মঙ্গলবার) সীমিত পরিসরে চালু থাকবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা রয়েছে।

ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার সরকারি অফিস, আদালাত ও সব ব্যাংকের সকল শাখা খোলা ছিল।

ব্যাংকগুলোতে লেনদেনের চাপ থাকলেও সপ্তাহের এই দুদিনই সরকারি দপ্তরগুলোতে ছিল ছুটির আমেজ।

Share Now

এই বিভাগের আরও খবর