গাজা উপত্যকা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি দেশটির সামরিক বাহিনীকে গাজার অন্তত ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ধাপে ধাপে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে। তার দাবি, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তথ্য আলজাজিরা।
নেতানিয়াহু বলেন, আগে এই নিয়ন্ত্রণ ছিল প্রায় ৫০ শতাংশ এলাকায়। এখন সেটি ৬০ শতাংশে পৌঁছেছে এবং তিনি সামরিক বাহিনীকে ৭০ শতাংশ পর্যন্ত এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকদের একটি অংশ পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবিতে স্লোগান দেয়।
তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া আগের মানচিত্র অনুযায়ী, গত এপ্রিলের শেষ দিকেই গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল বলে জানা যায়।
বিশ্লেষকদের মতে, নতুন করে আরও এলাকা দখল করা হলে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি খুব ছোট ও ক্ষতিগ্রস্ত একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারেন। এতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সীমার মধ্যে সামরিক অবস্থান বজায় রাখার কথা ছিল। তবে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল নতুন করে সীমারেখা পরিবর্তনের চেষ্টা করছে এবং এটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
হামাসের দাবি, গাজায় সামরিক নিয়ন্ত্রণ স্থায়ী করার উদ্দেশ্যেই ইসরায়েল এই পদক্ষেপ নিচ্ছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আলাদা কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/