ঈদের ছুটি শেষে খুললো ব্যাংক, লেনদেন শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সকাল থেকে শুরু হয়েছে ব্যাংক লেনদেন ও শেয়ারবাজারের কার্যক্রম।
সোমবার (১ জুন) ব্যাংকার ও ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা দিনের শুরুতে গ্রাহকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন অন্যান্য স্বাভাবিক কার্যদিবসের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে বিকেল ৫টা পর্যন্ত চলবে দাফতারিক কার্যক্রম। কর্মকর্তারা বলছেন, ২/১ দিন পরে সেবাগ্রহীতাদের ভিড় বাড়বে।
গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ ছিলো। তবে ছুটির মধ্যে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চলছে ব্যাংকিং কার্যক্রম।
এবার ঈদের আগে পোশাক শ্রমিক–কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে রাজধানীর বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে মিলেছে লেনদেন সংক্রান্ত সেবা। তবে গ্রাহক উপস্থিতি বেশ কম ছিল।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি–রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয় এবার।













