প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় কান্নায় ভেঙ্গে পড়েন সাবেক এমপি সুজন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাবা সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। ৩৫ বছর এলাকার উন্নয়নে কাজ করেছেন। উনার যদি কোনো ভুলত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন।
তিনি সীমান্তবর্তী একটি এলাকায় নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন। প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়ে এভাবেই অঝোরে কেঁদে বাবার জন্য দোয়া চাইলেন ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন।
এসময় তার বক্তব্য শুনে জানাযায় অংশগ্রহণকারী সবাই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
দিনাজপুর কারাগার থেকে সাত ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (৩০ মে) বিকাল তিনটায় বাবা দবিরুলের জানাজায় অংশ নেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা ও সাতবার নির্বাচিত ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
এর আগে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে শনিবার বিকেল ৩টায় শহিদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অর্নার প্রদান করা হয়।
পরে লাখো মানুষের ভালোবাসায় বড়বাড়ি নিজ গ্রামে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।













