কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সরকারি সড়ক ব্যবহার করে ধান মাড়াই এবং খড় শুকানোর অপরাধে ৩ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (সোমবার) উপজেলার ৩টি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমের ধান কাটার পর কিছু অসচেতন কৃষক ও ব্যবসায়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ওপর ধান মাড়াই এবং খড় শুকানোর কাজ করছিলেন।
এতে রাস্তা সংকুচিত হয়ে এবং খড়ের ওপর চাকা পিছলে দূর্ঘটনায় ২ জন নিহত হয়। এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক আইনের সংশ্লিষ্ট ধারা লংঘন করায় ৩টি স্থানে ৩ জনকে মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব জানান, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে। একই সাথে সড়কের ওপর ধান-খড় না রেখে কৃষকদের বিকল্প নিরাপদ স্থানে কাজ করার আহ্বান জানানো হয়েছে।












