ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা প্রতিরোধে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি ও REACTS-IN প্রকল্পের যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলার আর্টগ্যালারী হলরুমে “আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয়” শীর্ষক এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এছাড়াও, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আনিছুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং এবং REACTS IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত বক্তারা ঠাকুরগাঁও জেলায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যা ও অপমৃত্যুর হার বৃদ্ধির পেছনে মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাব, পারিবারিক কলহ, সামাজিক একাকীত্ব এবং অনিয়ন্ত্রিত প্রযুক্তির ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
বিশেষ করে তরুণ ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবার ও সমাজকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আত্মহত্যা কোনো সমাধান নয়। সঠিক সময়ে সঠিক মানসিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব।”
এই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাসমূহকে তৃণমূল পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীসমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












