জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিটের উদ্যোগে তীব্র তাপদাহের ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমাতে ‘পূর্বাভাসভিত্তিক কার্যক্রম’ হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান এবং যুব প্রধান আরাফাত হোসেনসহ স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।
তীব্র তাপদাহের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে বেশ কিছু তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিট।
এর মধ্যে পথচারী, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা এবং হাতপাখা বিতরণ ও প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষের ক্লান্তি দূর করতে মোড়ে মোড়ে বিশুদ্ধ ও শীতল খাবার পানির ব্যবস্থা করা।
তাপদাহের সময় স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
উদ্বোধনকালে মাসুদ রানা প্রধান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
যা স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/