নারী বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

একদিনে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ছেলে ও মেয়েদের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। দুই ম্যাচেরই পরিণতি একই। ছেলেরা কিছুটা লড়াই করলেও নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ইংল্যান্ডের লিডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে ৯ উইকেটে। আগে ব্যাট করতে ৮ উইকেটে মাত্র ৭৭ রান করে বাংলাদেশ। ওই রান যেন তুড়ি মেরে উড়িয়ে দেয় অজিরা। মামুলি পুঁজি তারা পেরিয়ে যায় ৬৩ বল আগে।
এদিন অবশ্য ম্যাচের গতিপথ ঠিক হয়ে যায় বাংলাদেশের ইনিংসের মাঝপথেই। অল্প রান করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা সম্ভব ছিল না, হয়ওনি।
অল্প রানের লক্ষ্যে আগ্রাসী শুরু করা অস্ট্রেলিয়া একমাত্র উইকেট হারায় পঞ্চম ওভারে। দলের ৩১ রানে মারুফা আক্তারের বলে রিতু মনির দারুণ ক্যাচে পরিণত হন বেথ মুনি। এইটুকুই যা হাসির উপলক্ষ টাইগ্রেসদের।
আরেক ওপেনার জর্জিয়া ভল ও এলিসা পেরি মিলে চার-ছয়ে দ্রুত সারেন কাজ। ৬ চার ও এক ছক্কায় ৩২ বলে ৪৫ করে অপরাজিত ছিলেন জর্জিয়া। পেরি ১৫ বলে অপরাজিত ছিলেন ১৯ রানে।
টস হেরে ব্যাট করতে গিয়ে লিডসের মেঘলা কন্ডিশনে পেসারদের মুভমেন্ট সইতে পারেনি বাংলাদেশ। পরে স্পিনাররাও হানেন ছোবল। অধিনায়ক জ্যোতি আর রিতু মনি ছাড়া সবাই ফেরেন এক অঙ্কের ঘরে।
৮ম ওভারে ২৭ রানেই পড়েছিল ৫ উইকেট। পরে ৪৭ বলে ২৭ করে জ্যোতি কিছুটা মান বাঁচান। রিতু করেন ২৬ বলে ১৬। এই দুজনের ইনিংসে অলআউট না হলেও ২০ ওভার খেলেও ৮০ করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ম্যাচটা যে বিদ্যুৎ বেগে অজিরা জিতে নেবে, সেই আঁচ পাওয়া যাচ্ছিল ইনিংস বিরতিতেই।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচেই খেলো বড় ধাক্কা।





