জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং লক ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম (২৫) একই উপজেলার নাকুড়গাছী গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২), বগুড়ার আদমদিঘী উপজেলার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২৪)।
(ওসি) আসাদুজ্জামান জানান , পাঁচবিবি থানাধীন লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় রবিউল ইসলাম ও মো. নাদিম নামের দুইজনকে একটি কালো রঙের ডিসকোভার ১১০ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।
ওসি আরও জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুড়গাছী গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানা নামের অপর আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি লোহার ‘টি’ আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।
চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।









