জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দরিদ্র, অসহায় ও বিচারপ্রার্থী মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মো: মজনু মিয়া।
এরই ধারাবাহিকতায় তাঁর ১৫তম সরেজমিন পরিদর্শন ও বিরোধের ফলপ্রসূ সমাধান সম্পন্ন হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের আইনি জটিলতা নিরসনে তাঁর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
৬ জুলাই (সোমবার) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকায় দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে বিরোধ নিষ্পত্তি করে ভুক্তভোগীকে তার ন্যায্য জমি বুঝিয়ে দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মজনু মিয়া।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিয়া অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সাথে দু'পক্ষের বক্তব্য শুনছেন। কোনো প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার দেয়াল না রেখে সরাসরি জনগণের মাঝে উপস্থিত হয়ে এভাবে আইনি সেবা দেওয়ায় স্থানীয় বিচারপ্রার্থীদের মাঝে স্বস্তি ও আশার আলো দেখা গেছে।
এছাড়াও চলচি জুন মাসে ১১৪ টি বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করেছেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিয়া।
আয়োজিত এই বিশেষ শুনানিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য (পুলিশ) এবং বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে একটি সুষ্ঠু ও ফলপ্রসূ সমাধান নিশ্চিত করা হয়।
দীর্ঘদিন ধরে চলা বিরোধ কোনো প্রকার মামলা-হামলা ও বাড়তি খরচ ছাড়াই চোখের সামনে নিমিষেই সমাধান হওয়ায় উপস্থিত সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত। স্থানীয় বাসিন্দারা জানান, আগে আইনি সহায়তার জন্য দূর-দূরান্তে গিয়ে অর্থ ও সময় ব্যয় করতে হতো। কিন্তু এখন লিগ্যাল এইড কর্মকর্তার এই সরেজমিন পরিদর্শনের ফলে ঘরের কাছেই মিলছে খরচবিহীন সঠিক বিচার।
জনবান্ধব এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিয়া জানান, "আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতেই জেলা লিগ্যাল এইড অফিস এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ বোঝাপড়ার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ভুক্তভোগীকে তার ন্যায্য জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের জন্য ঠাকুরগাঁও থানা পুলিশ-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"
স্হানীয়রা জানান, যুগান্তকারী এই পদক্ষেপের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কার্যালয় প্রত্যন্ত অঞ্চলের মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছে এবং এর নেপথ্যের কারিগর হিসেবে প্রশংসায় ভাসছেন লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিয়া।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/