শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: July 14, 2026 |
print news

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের পাকিজা মোড় (শহীদ ইয়ামিন চত্বর) এলাকায় অবরোধ করেন সাভার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, একই প্রশ্নপত্রে সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশেই ভারী বর্ষণ হয়েছে। অথচ বন্যার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তহীনতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম গণমাধ্যমকে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা দুপুর সোয়া ১টার দিকে মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।

Share Now

এই বিভাগের আরও খবর