আলাদা দিনে পালিত হবে ‘জাতীয় যুব দিবস’ ও ‘আন্তর্জাতিক যুব দিবস’

আপডেট: July 17, 2026 |
print news

অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে একই দিনে উদযাপনের সিদ্ধান্ত হলেও এখন থেকে আগের মতই আলাদা দিনে করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৩তম মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয় বলে তার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতই প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপিত হবে।

এতে বলা হয়, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্‌যাপন করা হতো।

“অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদ-বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ অগাস্ট উদ্‌যাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৫ সালে উভয় দিবস ১২ অগাস্ট একত্রে উদ্‌যাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।

“জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদ্‌যাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।”

Share Now

এই বিভাগের আরও খবর