হামলায় শহরের বিভিন্ন স্থানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোরে আকস্মিক হামলার সময় কিয়েভজুড়ে শক্তিশালী ও ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনের বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় শহরবাসীকে সতর্ক করেছিল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ছাত্রাবাস, একটি আবাসিক ভবন ও একটি সুপারমার্কেটে আগুন লেগে গেছে।
এ ছাড়াও হামলায় বেশ কয়েকটি অনাবাসিক ভবন ও বাণিজ্যিক গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের কয়েকটি জেলায় পার্ক করে রাখা গাড়ি এবং অফিস ভবনেও আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
কিয়েভের মূল শহরের পাশাপাশি এর পার্শ্ববর্তী অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।


















