সিঙ্গাপুরের চায়নাটাউনের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার (প্রায় ২ লাখ সিঙ্গাপুর ডলার) মূল্যের একটি হিরা চুরির চেষ্টার ঘটনায় এক ভারতীয় নাগরিককে দুই বছর দুই মাস দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ৪১ বছর বয়সী মাঙ্গরোলিয়া মনোজকুমার কুরজিভাই। তিনি চুরির অভিযোগ স্বীকার করার পর গত ১৭ জুলাই আদালত এ রায় দেন। একই মামলায় অভিযুক্ত ৩০ বছর বয়সী সেরাসিয়া মিলান রামনিকভাইয়ের শুনানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দুই অভিযুক্ত ভিজিট পাসে সিঙ্গাপুরে যান। দেশটিতে যাওয়ার আগে ভারতের সুরাটে তারা আসল হিরার আকার ও সিরিয়াল নম্বরের সঙ্গে মিল রেখে একটি নকল হিরা তৈরি করান।
পরিকল্পনা অনুযায়ী, মনোজকুমার দোকানের বিক্রয় ব্যবস্থাপককে বিভিন্ন গয়না দেখানোর কথা বলে ব্যস্ত রাখেন। এ সময় মিলান মুখে লুকিয়ে রাখা নকল হিরাটি বের করে আসল ৪ দশমিক ৯৫ ক্যারেটের হিরার সঙ্গে অদলবদল করেন এবং আসল হিরাটি মুখে লুকিয়ে ফেলেন।
তবে পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। দুই ব্যক্তি দোকান ছেড়ে যাওয়ার পর বিক্রয় ব্যবস্থাপক বিশেষ যন্ত্র দিয়ে হিরাটি পরীক্ষা করে সেটি নকল বলে নিশ্চিত হন।
এরপর অভিযুক্তরা নির্ধারিত সময়ের আগেই হোটেল থেকে চেক-আউট করে সেদিন সন্ধ্যায় ভারতের উদ্দেশে ফ্লাইট বুক করেন। কিন্তু চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল–৩-এ অভিবাসন প্রক্রিয়া শেষ করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে মিলানের ব্যাগ থেকে আসল হিরাটি উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে শুধু চুরির উদ্দেশ্যেই সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন। অপরাধ সংঘটনের জন্য আগেই নকল হিরা তৈরি করা হয় এবং ধরা পড়া এড়াতে সুপরিকল্পিতভাবে কাজ করা হয়।
অন্যদিকে, দণ্ডপ্রাপ্ত মনোজকুমার আদালতে দোভাষীর মাধ্যমে জানান, ভারতে তার দুই সন্তান রয়েছে। তিনি আদালতের কাছে কম শাস্তির আবেদন করেন।