লালবাগে দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক কমিশনার আলহাজ্ব আবদুল আজিজের নেতৃত্বে আবদুল আজিজ লেন, ললিত মোহন দাস লেন, এম. সি. রায় লেন, নবাবগঞ্জ ১ম লেন, নবাবগঞ্জ ২য় লেন এবং নবাবগঞ্জ পার্কসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আলহাজ্ব আবদুল আজিজ স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিতভাবে এই অভিযান সফল করতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি সময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজ নিজ অবস্থান থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।










