বিশ্বকাপে রেফারিং ন্যায্যই ছিল: আর্জেন্টিনার কোচ স্কালোনি

আপডেট: July 22, 2026 |
212 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered copy 7
print news

বিশ্বকাপের ফাইনালে হারের বেদনা এখনো তাজা। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই ক্ষত নিয়েই নিজের জন্মশহর সান্তা ফে প্রদেশের ছোট্ট শহর পুজাতোয় ফিরলেন লিওনেল স্কালোনি। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেও কোচের কণ্ঠে ছিল না কোনো অজুহাত, ছিল না রেফারিকে দোষারোপ করার চেষ্টা; বরং তিনি বেছে নিলেন আত্মসমালোচনার পথ।

নিজের শহরে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময় আবারও নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। ফাইনালে হারের পর অন্য কোনো দিকে আঙুল না তুলে পুরো কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকে, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে। সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। আমি মনে করি, এটা স্বীকার করতে পারলেই আমরা আরও ভালো দল হয়ে উঠব।’

সবকিছুর পর স্কালোনি গর্ব করছেন নিজের দল নিয়ে, ‘ওরা ভালো ছিল, এটা সত্যি। কিন্তু আমার খেলোয়াড়েরা যা করেছে, তা নিয়ে আমি সব সময় গর্বিত থাকব। জিততে যেমন জানতে হয়, হারতেও তেমনি জানতে হয়। আমরা দেখিয়েছি, কীভাবে সম্মানের সঙ্গে হার মেনে নিতে হয়।’

প্রশ্ন উঠেছিল, ফাইনালের পর ড্রেসিংরুমে দলের মধ্যে কোনো কথা হয়েছে কি না। স্কালোনির ভাষায়, সেখানে বক্তৃতা বা অনুপ্রেরণার কোনো জায়গাই ছিল না, ‘ফাইনালের পর কী কথা হয়েছে? আমি নয়, অধিনায়ক লিওনেল মেসিই কথা বলেছিল। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু সত্যি বলতে তেমন কিছু বলার ছিল না। দুঃখটাই তখন সবকিছু ছাপিয়ে গিয়েছিল।’

বিশ্বকাপের পর সংবাদ সম্মেলনে স্কালোনি আভাস দিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন, এটা নিশ্চিত। পরশুও পুনরাবৃত্তি করলেন একই কথা, জানালেন ডিসেম্বরের পর থাকবেন কি না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি এখনো।

সূত্র: প্রথম আলো

Share Now

এই বিভাগের আরও খবর