ভারতে ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে পুলিশ ভ্যানের সামনে রুখে দাঁড়ালেন আন্দোলনরত তরুণী

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে চলমান ছাত্র আন্দোলনের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন এক তরুণী। পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির পাশাপাশি মুম্বাইয়েও বিক্ষোভ চলছে। বুধবার সেই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় একা এক পুলিশ ভ্যানের পথ আটকে দাঁড়ান ওই তরুণী।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া অহির নামের ওই তরুণীকে মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্কের কাছে একটি চলন্ত পুলিশ ভ্যান থামিয়ে দিতে দেখা যায়। এ সময় পুলিশের সদস্যরা তাকে পুলিশ ভ্যানের সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করে দাঁড়িয়ে যান।
একা এক তরুণীর পুলিশ ভ্যান আটকে দেওয়ার এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তুমুল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া ভ্যানটির সামনে দাঁড়িয়ে আছেন। দুই হাত দিয়ে পুলিশের এই ভ্যানের সামনে চলা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
তার এমন সাহসিকতা দেখে আশপাশের মানুষ করতালি দিয়ে স্লোগানে স্লোগানে তাকে সমর্থন জানান। পরে রিয়ার এই এই বাধার মুখে শেষ পর্যন্ত আটক আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিয়া বলেন, ‘‘পুলিশ দায়িত্বশীল আচরণ করছে না। তারা যদি দায়িত্ব না নেয়, তাহলে নাগরিকদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’’
তিনি বলেন, নিজে শিক্ষার্থী না হলেও আন্দোলনরত তরুণদের ন্যায্য দাবির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার সময় ককরোচ জনতা পার্টির (সিজিপি) সমর্থকদের ওপর পুলিশের টিয়ারগ্যাস ও লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে রিয়া বলেন, গত পরশু শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ার এই পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই তাকে ‘‘বাস্তবের নায়ক’’ বলে অভিহিত করছেন।
মুম্বাইয়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা রোহান জোশী ইনস্টাগ্রামে লেখেন, মুম্বাইয়ের তরুণরা বুকে ক্ষোভ কিন্তু আচরণে অভূতপূর্ব সংযম নিয়ে রাজপথে নেমেছেন। পুলিশ তাদের সঙ্গে টানা-হেঁচড়া করেছে, আটক করেছে। তবুও তারা নিজেদের অধিকার আদায়ে অত্যন্ত মার্জিত ও দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে গেছে।













