ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে আন্দোলন চলছে, ঠিক তখনই প্রায় তিন দশক আগের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায়, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন বর্তমান এই শিক্ষামন্ত্রী।
সাল তখন ১৯৯৭। ওড়িশায় তখন কংগ্রেসের শাসন এবং মুখ্যমন্ত্রী ছিলেন জানকী বল্লভ পট্টনায়েক। ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রাজ্য সচিবালয়ের সামনে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। তাদের বিক্ষোভের কারণ ছিল পরীক্ষার প্রশ্ন ফাঁস। শিক্ষার্থীদের সেই দলে একজন বিশেষ তরুণ ছিলেন, যিনি আজকের ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী—ধর্মেন্দ্র প্রধান।
সে সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক ছিলেন। ছাত্রনেতা হিসেবে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন। তখন তিনি সরকারের কোনো দায়িত্বে ছিলেন না।
ওই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে বিক্ষোভ। সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করলে ধর্মেন্দ্র প্রধানও আহত হন। এমনকি তার হাড় ভেঙে গিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় ২৯ বছর আগের সেই আন্দোলনের ছবিগুলো এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।
২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম প্রধান দাবি হিসেবে উঠে এসেছে।
এমন পরিস্থিতিতে ১৯৯৭ সালের সেই আন্দোলনের ছবি আবারও আলোচনায় এসেছে। অনেকেই বলছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন একই ধরনের ঘটনায় তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/