ধামরাইয়ে পাঁচ যানবাহনের দুর্ঘটনা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট: July 25, 2026 |
print news

ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড় করিয়ে রাখা বাস দেখে হঠাৎ থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে পাঁচটি যানবাহন ৷ এতে আরেকটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শনিবার সকালে ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।

নিহতরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন, তাদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।

ধামরাই থানার এসআই মো. তারেক বলেন, সকালে জরুরি নাম্বার ৯৯৯ এর মাধ্যমে ইসলামপুরে মহাসড়কের মূল লেনে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, মহাসড়কে ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

“সকালে একটি প্রাইভেট কার বাসটি দেখে হঠাৎ ব্রেক করে। প্রাইভেট কারটির পেছনে একটি কভার্ড ভ্যান ছিল। সেটিও তখন ব্রেক করে। ভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। মোটরসাইকেলের পেছনে স্বাধীনতা পরিবহনের একটি বাস ছিল, বাসটি দ্রুতগতিতে এসে দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। ”

“ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী সড়কে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারি, চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।”

তিনি আরও বলেন, পরস্পরের সঙ্গে সংঘর্ষে সবগুলো পরিবহনই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। যেহেতু এটি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্র, তাই তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “সবগুলো গাড়িই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে মূল কারণ হচ্ছে, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা বাসটি। বাসটি দাঁড়িয়ে থাকায় পেছনের প্রাইভেট কারটি শেষ মুহূর্তে সেটি দেখতে পেয়ে হঠাৎ ব্রেক করে। পেছনের গাড়িগুলোও একইভাবে হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে।”

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের মরদেহ হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর