চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি!

আপডেট: July 25, 2026 |
fd 92
print news

ফুটবল ইতিহাসে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি ছাড়া কল্পনা করাই কঠিন। তবে নতুন এক বংশগত গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য, চাইলেই ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও খেলতে পারতেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

তিন বছর ধরে চালানো এক বংশগত অনুসন্ধানে ইতালীয় ইতিহাসবিদ ফিওরেনজো সান্তিনি দাবি করেছেন, মেসির মাতৃকুলের শিকড় রয়েছে ব্রাজিলে। গ্লোবোর প্রতিবেদনের বরাত দিয়ে ইয়াহু স্পোর্টস জানায়, মেসির মায়ের পরিবারের এক প্রপিতামহ বিংশ শতাব্দীর শুরুতে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে জন্মগ্রহণ করেছিলেন।

পরবর্তীতে, প্রায় ১৯০৫ সালের দিকে পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সেই পারিবারিক ইতিহাসের কারণে আইনগতভাবে ব্রাজিলের নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল মেসির, ফলে চাইলে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পথও তার জন্য উন্মুক্ত ছিল।

শুধু ব্রাজিলই নয়, পারিবারিক ঐতিহ্যের সূত্রে ইতালির হয়েও খেলার যোগ্যতা ছিল মেসির। অন্যদিকে, ১৩ বছর বয়স থেকে স্পেনে বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ার গড়ে তোলার কারণে স্পেন জাতীয় দলের জার্সি পরার সুযোগও ছিল তার সামনে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একসময় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন তিনি।

স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কে একবার বলেছিলেন, ‘মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু লিওনেল রাজি হয়নি, কারণ সে নিজের দেশকে ভালোবাসে। সে যদি আমাদের হয়ে খেলত, সেটি দারুণ হতো। মেসি তো মেসিই-ওর মতো আর কেউ নেই। তাকে কোচিং করানো আমার জন্য স্বপ্নের মতো হতো।’

গবেষণায় আরও জানা গেছে, রোজারিওতে বসবাস শুরু করার পর মেসির মাতৃপরিবারের মূল পদবি ‘কোচ্চেত্তিনি’ পরিবর্তন করে ‘কুচ্চিত্তিনি’ করা হয়, যা পরবর্তীতে পরিবারের আনুষ্ঠানিক পদবি হিসেবে ব্যবহৃত হতে থাকে।

বর্তমানে আর্জেন্টিনা দল বিশ্বকাপ-পরবর্তী বিরতিতে রয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে আলবিসেলেস্তেদের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও এখনো কোনো ম্যাচ চূড়ান্ত হয়নি। অন্যদিকে, মেসি মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে নিজের ফিটনেস ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন।

Share Now

এই বিভাগের আরও খবর