জমজমাট লড়াইয়ে নেপালকে হারাল বাংলাদেশ

পাঁচ সেটেই লড়াই হলো জমজমাট। তবে, নেপালের বিপক্ষে ম্যাচটা হাসিমুখে শেষ করল বাংলাদেশ। কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় জয় পেল তারা।
পাকিস্তানের ইসলামাবাদে হওয়া এই প্রতিযোগিতায় রোববার রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ৩-২ সেটে (২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫, ১১-১৫) জিতেছে বাংলাদেশ।
উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল। তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে জয়ে ফিরেছিল দল।
নেপালের বিপক্ষে প্রথম সেটে দারুণ লড়াই করলেও, ছন্দ হারিয়ে বাংলাদেশ হেরে যায় ৭ পয়েন্টে। দ্বিতীয় সেটে শুরু থেকে আধিপত্য করে নিয়ন্ত্রণ নেন হরসিত-সুজনরা। শেষ দিকে নেপাল ঘুরে দাঁড়ালেও, বাংলাদেশ ৬ পয়েন্টে জিতে সমতায় ফিরে।
পরের দুই সেটে লড়াই হয় আরও তীব্র। ৪ পয়েন্টের ব্যবধানে তৃতীয় সেট জিতে নেয় নেপাল। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে চতুর্থ সেট জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যায় বাংলাদেশ। সেখানে দাপটের সাথে খেলে ১৫-১১ ব্যবধানে জিতে তারা।
পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-এই ছয় দল অংশ নিচ্ছে এবারের আসরে। রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।















