সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত: গোলাম পরোয়ার

আপডেট: July 28, 2026 |
fd 154
print news

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও সরকার বাস্তবে ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত রয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি সমর্থিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে দলীয়করণকে উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে দুর্নীতি ও পক্ষপাতদুষ্ট প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বজায় থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণে নির্বাচন কমিশন থেকে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের অপসারণ না হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিরোধী দলগুলোকে নতুন করে ভাবতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু প্রতিবাদ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তার ভাষ্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করে সরকার আইন সংশোধনের নামে একটি প্রহসনের পথ বেছে নিয়েছে।

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত বাস্তবায়নের পরিবর্তে বিএনপি প্রকাশ্যে দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তার দাবি, রাজনৈতিক দলগুলোর দেয়া সংস্কার-অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

একই সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মরদেহ পড়ে থাকার মতো ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার চরম অবনতিরই প্রতিফলন।

Share Now

এই বিভাগের আরও খবর