কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধর: প্রিন্স মামুনের জামিন নাকচ

আপডেট: July 30, 2026 |
fd 196
print news

এক কোটি টাকা যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মো. ভুলু মিয়া জানান।

গত ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেইসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন প্রিন্স মামুন। ওই ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগে মামুনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন মোহনা। ওই মামলায় ২৪ জুলাই জামিন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানো হয়।

পরদিন ২৫ জুলাই আত্মহত্যার চেষ্টার অভিযোগে মোহনার করা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তার ভিত্তিতে বুধবার আদালত মামুনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখায়।

বৃহস্পতিবার প্রিন্স মামুনের পক্ষে তার আইনজীবী পলাশ চন্দ্র রায় এবং আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করতে আদালতে উপস্থিত হন মোহনাও।

প্রিন্স মামুনের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আদালতকে বলেন, “বাদী এবং আসামি সুইট কাপল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমনটা দেখেছি। কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগে বাদী মামলা করেছে। সেখানে তেমন কোনো মেডিকেল সার্টিফিকেট নাই।”

তিনি বলেন,”এক কোটি টাকা যৌতুক কখন চায়? সামর্থ্য থাকলে। বললেই তো দেওয়া যায় না। ঘটনার একটা ভিডিও আছে। দেখেছি, বাদীও আসামিকে আহত করেছে। স্ত্রী স্বামীকে মারতেই পারে।”

এ আইনজীবী বলেন, “মামলায় এসেছে লিখন নামে একজনের নাম। লিখন কে? ধর্ম ভাই। এর আগে তার বিরুদ্ধে লায়লাও মামলা করে। সেখানেও ধর্মভাই ছিল লিখন। মামুন যারেই বিয়ে করে, তারই ধর্ম ভাই লিখন হয়ে যায়।

“মোহনাকে মার দিয়েছি, বিষয়টা এমন না। সেখানে মারামারি হয়েছে। দুইজন দুইজনকে মেরেছে। তার (প্রিন্স মামুনের) জামিন প্রার্থন করছি।”

শুনানির সময় সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন মোহনা। বিচারক তার কাছে জানতে চান, প্রিন্স মামুন খুব বিখ্যাত কেউ কি না। মোহনা বলেন, “বিখ্যাত।”

“বিখ্যাত জেনে বিয়ে করেছেন?”–বিচারকের এমন প্রশ্নের জবাবে মোহনা বলেন, “৫ মাস আগে বিয়ে করেছি। এই ৫ মাসে আমাকে অনেক টর্চার করেছে।”

এরপর বাদীপক্ষের আইনজীবী সরকার সাব্বির হোসাইন (ফয়সাল) জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন,”পাঁচ মাস আগে তারা বিয়ে করেছে। এরপর থেকে একাধিকবার টাকা ধার নিয়েছে। যৌতুক চেয়েছে, যৌতুকের জন্য মারধর করেছে।”

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনের জামিন নামঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, প্রিন্স মামুনের সঙ্গে মডেল মোহনার বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল।

“প্রিন্স মামুন বিভিন্ন বয়স্ক মহিলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত এবং নেশায় আসক্ত। মোহনা তাকে কিছু জিজ্ঞাসা করলেই মারধর করে। বিয়ের পর থেকেই আসামি দোকান দেওয়ার জন্য তার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

“এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার মোহনার বাসায় মামুন নেশাগ্রস্ত অবস্থায় এসে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। মোহনাকে তার বাবার বাড়ি থেকে এই টাকা এনে দিতে বলেন।”

মামলায় বলা হয়, “মোহনা টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন।

“মারধরের সময় গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তাতে মোহনার বাম চোখের নিচে রক্তাক্ত জখম হয় এবং ডান কানে নীলাফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করা হয়।”

Share Now

এই বিভাগের আরও খবর