আগামীতে শিক্ষাখাতের বাজেট ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ; শিক্ষামন্ত্রী

হীরা মানিক, ইবি প্রতিনিধি : বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী যে প্রত্যয় নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।
এ বছর শিক্ষার বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করা হয়েছে। যার পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছর ছিল মাত্র ২৭ হাজার কোটি টাকা। আগামীতে এই বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্মরণ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আজ এক বিশাল ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার সময় এটিকে আন্তর্জাতিক মানের করার কথা ছিল।
সমসাময়িককালে মালয়েশিয়ায় ওআইসি (OIC)-র অধীনে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আজ কিউএস (QS) র্যাঙ্কিংয়ে প্রায় ৪২৬ নম্বরে উঠে এসেছে।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও ইসলামিক শিক্ষা, সোশ্যাল সাইন্স, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেল সাইন্স ও আধুনিক টেকনোলজির মতো ডিপার্টমেন্ট যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ও ‘কম্প্রিহেন্সিভ’ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে।”
শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সময় শেষ, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের এই মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।”
বিদেশে মেধা পাচার রোধ এবং দক্ষ মানবসম্পদ গড়ার ওপর বিশেষ জোর দিয়ে মন্ত্রী বলেন, আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ‘রিভার্স ব্রেইন ড্রেন’ (Reverse Brain Drain)।
বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে এনে আমাদের মানবসম্পদ উন্নয়ন করতে হবে। উন্নত বিশ্বে যেখানে জনসংখ্যা কমছে, সেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য ও প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দুই-সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী ও
দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক দিয়ে অতিথিদের বরণ, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন, বিশ্ববিদ্যালয় ইতিহাস-ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।











