রাজধানীতে নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও জুতা নিক্ষেপ কর্মসূচি

নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর লালবাগে ‘ঐক্যবদ্ধ লালবাগবাসী’ ব্যানারে একটি প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, জনগণের অনুভূতিতে আঘাত ও বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণকে অসম্মান বা তাদের অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ নেই। ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। তারা বলেন, নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্য ও কর্মকাণ্ড ঘিরে যে জনঅসন্তোষ সৃষ্টি হয়েছে, এ কর্মসূচি তারই প্রতীকী বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, ‘আমরা কাউকে ভয় দেখাতে বা ব্যক্তিগতভাবে হেয় করতে আসিনি। তবে ভুল করলে জবাবদিহি করতে হবে, অন্যায় করলে প্রতিবাদের মুখোমুখি হতে হবে। জনগণকে অসম্মান করলে জনগণই তার জবাব দেবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন রাব্বি। কর্মসূচি পরিচালনা করেন ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহম্মেদ।
প্রতিবাদ সমাবেশ শেষে নেছার উদ্দিন রাব্বির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালবাগের বালুমাঠ থেকে শুরু হয়ে আজিমপুর, পলাশী, এতিমখানা ও ঢাকেশ্বরী মন্দির সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বালুমাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা নাসির উদ্দীন পাটোয়ারীর প্রতীকী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। এরপর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে পালন করা হয়েছে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়।












