সিলেট মহানগর শিবিরের জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট: August 3, 2026 |
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:  ২ আগস্ট রবিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ ফাহিমের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক আনোয়ারুল ওয়াদুদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সুস্থ ও সবল যুবসমাজের বিকল্প নেই। পৃথিবীতে সংঘটিত বিভিন্ন বিপ্লবে যুবসমাজের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে মুক্ত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম সাজু বলেন, ইসলামী ছাত্রশিবির যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন ধরনের আয়োজন করে আসছে। তিনি আরও বলেন, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকার জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর