শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে পারে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: August 3, 2026 |
print news

আগামী ৫ আগস্ট ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারতের মাটিতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত সরকার আগেই জানিয়েছে তারা পলাতক কোনো আসামির রাজনৈতিক বক্তব্য আশা করে না। এখন এই ধরনের অনুষ্ঠানের বিষয়ে ভারতের অবস্থান কী, তা তাদেরই পরিষ্কার করতে হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘আমরা চাই না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো নেতিবাচক হোক, বরং আমরা সম্পর্ককে আরো উন্নত করতে চাই। কিন্তু পলাতক আসামিরা যদি ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেন বা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করেন, তবে তা দুই দেশের সম্পর্ককে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে।’

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় যেকোনো আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়েছে—ভারতের মাটি ব্যবহার করে সাজাপ্রাপ্ত বা পলাতক কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। প্রয়োজন হলে সরকার আবার কূটনৈতিক মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে।’

বাংলাদেশ সব সময় ভারতের সঙ্গে একটি ‘ফরোয়ার্ড-লুকিং’ বা সামনের দিকে তাকানোর সম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সরকারের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।’

এছাড়া প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এটি ইন্দো-প্যাসিফিকের অংশ।

Share Now

এই বিভাগের আরও খবর