পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবন থেকে পড়ে গাসিক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ ফ্ল্যাটের আটতলা থেকে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের একাউন্টস কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) মারা গেছেন।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৬৩/বি সিদ্ধেশ্বরী রোডের র্যাংস গার্ডেন প্যালেস ভবনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী রওশন আরা বেগমকে নিয়ে বসবাস করতেন। তাদের ছেলে দেশের বাইরে থাকেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, নজরুল ইসলামের নামে গাজীপুরে একটি সিআর মামলার ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতে রাতে পুলিশ তাকে খুঁজতে ওই ফ্ল্যাটে যায়। সেখানে তার স্ত্রীকে পাওয়া গেলেও নজরুল ইসলামকে পাওয়া যায়নি।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম পেছনের দরজা দিয়ে বের হয়ে বেলকনির কার্নিশে লুকানোর চেষ্টা করেন অথবা অন্য ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে।










