ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ডিএসসিসি প্রশাসক বলেন, নদীর দূষণ যাতে আর না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবদুস সালাম আরও বলেন, শুধু ঢাকার নদী নয়, পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু হবে।












