সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দারিয়াপুর কাঁচাবাজার পট্টির হামিদ মার্কেটের ‘ঋতু ট্রেডার্স’ নামে এক সুতা ও শাড়ি কাপড়ের দোকানে রোববার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সোমবার (১০ আগস্ট) ঘটনাস্থল ঘুরে জানা গেছে, রোববার রাতে দোকান মালিক তার কর্মচারীকে রেখে বাড়ি চলে যান। একপর্যায়ে রাত পৌনে এগারোটার দিকে প্রচন্ড শব্দে দোকান ঘরের এলইডি টেলিভিশন বিস্ফোরিত হয়ে মুহূর্তেই দোকানে আগুন লেগে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানের কর্মচারী কামাল হোসেন (৩০) অগ্নিদগ্ধ হন।
বিষয়টি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। এদিকে অগ্নিদগ্ধ কামাল হোসেনকে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবরুদ্ধ হলে তাকে সিরাজগঞ্জ থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দোকানের প্যালেক্স সুতা ও শাড়ি কাপড় সহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
দোকান মালিক শেখ হোসাইন দাবি করেন , অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে পৌরসভার ব্যবসায়িক প্রাণকেন্দ্র দারিয়াপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই শত শত মানুষ ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/