জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি: ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) এর রেজিস্ট্রেশন বৃদ্ধি ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ফলপ্রসূ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এ সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর রেজিস্ট্রেশন নিশ্চিত করা, শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণা জোরদার করে রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এ জয়পুরহাট থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।









