মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ১০০টি ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালি উপহার হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা হামেদ সওদাগর, বিশিষ্ট দানবীর ফরিদ উদ্দিন রাজু, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক মুবিনুল হক এবং আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের প্রফেসর ডাঃ ইকরামুল্লাহ খান
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় টিন, খুঁটি, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এবং মিস্ত্রির খরচ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাট, তোশক, বেডশিট, মাদুর, বালিশ, মশারি, বালতি, মগ, ডেকচিসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সমাজের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতারও অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। শুধু ঘর নির্মাণ নয়, একটি পরিবার যেন নিজ ঘরে ফিরে প্রয়োজনীয় মৌলিক সামগ্রী নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারে—আমরা সেই বিষয়টিকেও গুরুত্ব দিয়েছি।”
তিনি আরও বলেন, “মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশন তার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবে।”
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ১০০টি ঘর নির্মাণ প্রকল্পের আওতায় বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে পর্যায়ক্রমে পুনর্বাসনের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৪০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ও সংসার পরিচালনার জন্য প্রয়োজনীয় গৃহস্থালি উপহার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এসব নির্মাণসামগ্রী দিয়ে নতুন ঘর নির্মাণ করা হবে।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/