জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ক্ষেতলাল থানার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়ি থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার মো. আব্দুল করিমের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন মাস্টার এজেন্ট।
অভিযানে ডিবির এসআই (নিঃ) শাখাওয়াত হোসেন, এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মো. সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/