জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার খলিশাকুড়ি এলাকায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে শুভ কুমার বর্মন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শুভ কুমার বর্মন খলিশাকুড়ি (বানিয়াপাড়া) গ্রামের সন্তোষ কুমার বর্মনের ছেলে। তাঁর বাবা স্থানীয়ভাবে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান শুভ। সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে তিনি তাঁর বাবার শয়নকক্ষের দরজায় ধাক্কা দিয়ে ছটফট করতে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর নেওয়ার পথে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুভ বেকার ছিলেন। কাজকর্ম করার বিষয়ে পরিবারের সদস্যরা মাঝেমধ্যে তাঁকে বকাঝকা করতেন। এ নিয়ে অভিমান করে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিকভাবে অভিমান করে ওই যুবক ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/