নাট্যদল এথিকের জনপ্রিয় প্রযোজনা ও প্রখ্যাত নাট্যকার উৎপল দত্তের নাটক ‘হাঁড়ি ফাটিবে’ সম্প্রতি স্পর্শ করেছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষে গত ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘হাঁড়ি ফাটিয়ে শতক সন্ধ্যা’। এ আয়োজনে নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘রেবা জোয়ারদার’-এ অভিনয়ের জন্য সম্মাননা লাভ করেন অভিনেত্রী ঊর্মি আহমেদ।
শততম প্রদর্শনীকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, গানের আসর এবং নাটকটির দীর্ঘ পথচলার নানা মুহূর্ত নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। পাশাপাশি গত ১৬ বছর ধরে ‘হাঁড়ি ফাটিবে’ নাটকের মঞ্চ ও নেপথ্যে যুক্ত শিল্পী, কলাকুশলী এবং কর্মীদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আবুল হায়াত, কথাসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং কবি রেজাউদ্দিন স্টালিন। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এথিকের সভাপতি রেজানুর রহমান।
এথিকের প্রথম প্রযোজনা হিসেবে নির্দেশক মিন্টু সরকার নতুনভাবে মঞ্চে নিয়ে আসেন ‘হাঁড়ি ফাটিবে’। সময়ের সঙ্গে সঙ্গে নাটকটি দর্শকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে এবং দলটির অন্যতম সফল প্রযোজনায় পরিণত হয়। শততম মঞ্চায়নের এই অর্জন সেই দীর্ঘ যাত্রারই এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, সম্মাননা পাওয়া অভিনেত্রী ঊর্মি আহমেদ দীর্ঘদিন ধরেই নাট্যাঙ্গন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। মঞ্চনাটকের পাশাপাশি তিনি নিয়মিত অভিনয় করছেন টেলিভিশন নাটকে। চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। ‘ফ্রাইডে’ ও ‘পিনিক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
টেলিভিশন নাটকে ঊর্মির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বউ ভাড়া হবে’, ‘সানগ্লাস ফ্যামেলি’, ‘লাভ অ্যান্ড রিভেঞ্জ’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্বল বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘শুয়ের মত সোজা’, ‘টিকটকার বউ’ এবং ‘বৃষ্টি এলো প্রেম এলো’। মঞ্চ ও পর্দা, দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/