দীপ্ত, জবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA)-এর প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
একই সঙ্গে সংগঠনটির প্রস্তাবিত গঠনতন্ত্র আলোচনা, প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের পর সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রাঙ্গণে এ নির্বাচন ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়। এতে সশরীরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দূরবর্তী সদস্যদের অনলাইন অংশগ্রহণের সুযোগ রাখা হয়।
অনলাইন ও অফলাইন মিলিয়ে নির্বাচনে মোট ৮৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
দিনের প্রথম অধিবেশনে উপস্থিত অ্যালামনাই সদস্যদের সামনে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করা হয়।
এ সময় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের বিষয়গুলো বিবেচনা করা হয়।
পরে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির গঠনতন্ত্র অনুমোদন লাভ করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার ভিত্তি তৈরি করেছে।
গঠনতন্ত্র অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়ায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়।
সশরীরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দূরবর্তী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ভোটের ব্যবস্থাও রাখা হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৮৭ শতাংশ ভোট কাস্ট হওয়াকে সংগঠনটির প্রথম নির্বাচন হিসেবে উল্লেখযোগ্য সাড়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর মধ্য দিয়ে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আহসান হাবীব। সহ-সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. এনামুল হাসান কাওছার।
পরিষদের অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক মো. আরিফুর ইসলাম, দপ্তর সম্পাদক মুনতাছরিন রহমান মীম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জেরিন চাকমা, আইসিটি, প্রচার ও ডকুমেন্টেশন সম্পাদক মিরাজ হোসেন শান্ত এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. ইমাম হোসেন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তাসিন, সৈয়দা কাজরিয়া রহমান প্রথমা ও মো. আলম হোসেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আহ্বায়ক কমিটির প্রধানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনের সকল সাধারণ সদস্য, নির্বাচন কমিশন এবং নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সঙ্গে নাট্যকলা পরিবারের মেলবন্ধন আরও সুদৃঢ় করা, অ্যালামনাই সদস্যদের পেশাগত বিকাশে সহযোগিতা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত পরিষদের সদস্যরা।
নবগঠিত পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা, সদস্যদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি করা এবং নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে TDAA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি এবং বিভাগের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের সম্পৃক্ত করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে কাজ করবে।
প্রথম দ্বিবার্ষিক নির্বাচন ও গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA) একটি আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর অধীনে নতুন যাত্রা শুরু করল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/