জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জাকজমকপূর্ণ আয়োজন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ইতিহাস, ঐতিহ্য আর গণতান্ত্রিক আন্দোলনের গৌরবময় পরিক্রমাকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীশংকৈল বন্দর কুলিক নদীর সেতুসংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয় এবং গাছের চারা রোপন করা হয়।
এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপি জন্মলগ্ন থেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে।
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাণীশংকৈল উপজেলার তৃণমূল নেতা-কর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আগামী দিনেও সাধারণ মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁরা একইভাবে রাজপথে থাকবেন।
এ সময়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম পৌর যুব দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে প্রাণদানকারী শহীদদের রূহের মাগফিরাত এবং দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/