মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

আকতারুজ্জামান নাইম, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
সভায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মান্দা থানা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। নওগাঁ জেলা পুলিশ কিশোর অপরাধ কঠোর হস্তে দমন করবে।”
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও জানান, ইতিমধ্যে মান্দা এলাকার কিশোর গ্যাং নেতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
পুনরায় যারা কিশোর গ্যাং ও মাদকের সাথে যুক্ত হবে, তাদের পরিণতিও জেলখানায় হবে বলে তিনি সতর্ক করে দেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের বক্তব্য শোনেন। এ সময় পুলিশ সুপার সবাইকে মাদক, কিশোর অপরাধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
এর জবাবে উপস্থিত সকলে হাত তুলে মাদক প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় সচেতনতামূলক আলোকপাত করেন।












